নিউ ইয়র্কে ইবোলা আক্রান্ত চিকিত্সক এখন ভাইরাস মুক্ত

আমেরিকার প্রথম ইবোলা আক্রান্ত চিকিত্সক ক্রেইগ স্পেনসার পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মরণঘাতী ভাইরাসের চিকিত্সা নেয়ার পর ৩৩ বছর বয়সী স্পেনসার মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তিনি গিনিতে মেডিসিন স্যানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ)’র হয়ে কাজ করতেন। গত ২৩ অক্টোবর দেশে ফেরার পর তার দেহে ইবোলা রোগ ধরা পড়ে। এরপর তাকে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট এক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানায়, ডা. স্পেনসারকে হাসপাতাল থেকে ছাড়ার ঘোষণা প্রকাশ্যে দেয়া হয়নি। তবে তার চিকিত্সার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়ার খবরটি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে নিউইয়র্ক কর্তৃপক্ষ তাত্ক্ষনিকভাবে খবরটি নিশ্চিত করেনি।