রাজধানীর হাজারীবাগে বাসায় ঢুকে স্বামীর সামনে সোহেলী বেগম (৩৮) নামে এক গৃহবধূর গলায় ছুরি চালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গৃহবধূ গুরুতর আহত অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারুন উর রশিদ নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঠশালা গলিতে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহম্মদ আলী বলেন, মঙ্গলবার সকালে হাজারীবাগ পাঠশালা গলির ৪ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে জাহাঙ্গীর-সোহেলী দম্পতি থাকেন। সকাল ১১ টার দিকে ৩/৪ জন যুবক ঐ ফ্ল্যাটে প্রবেশ করে। ঘরে ঢুকেই যুবকরা গৃহবধূকে তার গলায় ছুরি চালায়। গৃহবধূ চিত্কার করলে পাশের কক্ষে থাকা তার স্বামী জাহাঙ্গীর আলম ছুটে আসেন। এরই মধ্যে দুর্বৃত্তরা সোহেলীর গলায় একবার ছুরি চালিয়ে দেয়। এতে গলার ত্বক ও পেশীতে ক্ষতের সৃষ্টি হয়। জাহাঙ্গীর চিত্কার করলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসেন। দুর্বৃত্তরা ফ্ল্যাটের ভিতর একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর প্রতিবেশীরা এক দুর্বৃত্তকে জাপটে ধরে। বাকীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে ১টি ককটেল, ৩টি চাপাতি ও রক্তমাখা কাপড়-চোপড় উদ্ধার করে।
স্বামী ধারণা করছেন পূর্বশত্রুতার জের ধরে ভাড়াটে খুনি দিয়ে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হতে পারে। তবে তিনি নিশ্চিত নন কারা এ ঘটনায় জড়িত। সোহেলী বেগমের দুই কন্যা সন্তান রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হারুনকে নিয়ে ঘটনায় জড়িত তার অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। জাহাঙ্গীর আলম বাদি হয়ে হত্যা চেষ্টার মামলা করেছেন।