ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে চলমান অভিযানের কারণে সাময়িক দূর্ভোগ মেনে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, সারা বছর ধরেই এ জাতীয় অভিযান অব্যাহত থাকবে। যে কোন সময় যে কোন দিন যে কোন স্থানে এ অভিযান পরিচালিত হবে। যত বাধাই আসুক এ অভিযান অব্যাহত থাকবে।
মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার দুপুরে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ’র উদ্যোগে যৌথ অভিযানে ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রচারণা চালানোকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্ঘটনা ও অসহনীয় যানজট থেকে পরিত্রাণের জন্য আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে গত সোমবার থেকে ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে অভিযান চলছে। তিনি বলেন, এই মুহূর্তে ইজিবাইক ও ব্যাটারি চালিত ক্ষুদ্র যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে ফিডার রোডগুলোতে রাখার জন্য জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ কে নির্দেশ দেয়া আছে। তিনি আরো বলেন, অসহনীয় যানজট আর্থিক ও কর্মঘণ্টার ক্ষতি করছে। এ অবস্থায় আমাদের কঠোর হতেই হবে। এ কাজটি করতে গেলে কিছু দুর্ভোগ হবে, এটা সাময়িক। এর সুফল হলে দুর্ভোগের কথা আর মনে থাকবে না।
মন্ত্রী জানান, ১০ নভেম্বর জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ পরিচালিত যৌথ অভিযানের প্রথম দিন সারা দেশে দুই হাজার ২৬৫টি মামলা, ১৬ লাখ ৯১ হাজার ৪১০ টাকা জরিমানা, ৬৫টি গাড়ি ডাম্পিং ও ২১জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া মঙ্গলবার ঢাকায় বিআরটিএ তিনটি স্থানে অভিযান পরিচালনা করে ৮৬টি মামলা, ৯২ হাজার ৮০০ টাকা জরিমানা, ৬টি গাড়ি ডাম্পিং ও একটির কাগজপত্র জব্দ করা হয়েছে।
মন্ত্রী জানান, অভিযানের ফলে গণ পরিবহনের স্বল্পতার কথা বিবেচনা করে ঢাকায় ২৫০টি গাড়ি নামানো হয়েছে। মঙ্গলবার ঢাকায় এক’শটি এসি বাস উদ্বোধন করা হয়। আর আগামি বছরের শেষের দিকে আরো ৪০০টি আমদানি করা নতুন বাস দেশে এসে পৌঁছবে। তিনি জানান, ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানও চলবে সেই সঙ্গে এর রিপ্লেসমেন্টও দেয়া হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম (বার), সওজের অতিরিক্ত প্রকৌশলী আফতাব হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।