সাভারে এক রশিতে ঝুলন্ত অবস্থায় এক নব দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হেমায়েতপুরের হরিণধরা এলাকার বজলু মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহতরা হলো, সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চরগিরিস গ্রামের গোলাম মাওলার ছেলে মোহাম্মদ আলী (২২) ও তার স্ত্রী একই থানার সালানচর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুমানা খাতুন (১৬)। তিন দিন পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল বলে জানা গেছে।
নিহত মোহাম্মদ আলী সিরাজগঞ্জের কাজীপুর থানা এলাকার ক্যাপ্টেন মনসুর আলী সরকারী কলেজের ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র এবং স্ত্রী রুমানা খাতুন সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরী পোশাক কারখানায় কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকার বজলু মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষের ভিতরে ঘরের আড়ার সঙ্গে এক রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।
বাড়ির ভাড়াটিয়ারা জানান, প্রেমের সূত্র ধরে সিরাজগঞ্জ থেকে ঢাকার সাভারে আসে কলেজ ছাত্র মোহাম্মদ আলী। এরপর গত তিনদিন আগে স্থানীয় একটি কাজীর মাধ্যমে ওই দম্পতির বিয়ে হয় এবং তারপর থেকে তারা একত্রে বসবাস করে আসছিলো।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অখিল সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেশিদের তথ্য মতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দম্পতির বিষয়টি দুই পরিবার মেনে না নেওয়ায় তারা এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে।’
আরও পড়ুনঃ হঠাৎ নিরুদ্দেশ রাজশাহীর দুই কিশোর বাড়ি ফিরল লাশ হয়ে
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।
ইত্তেফাক/নূহু