সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনাসহ বজ্রপাতে নিহত ২

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত এবং বজ্রপাতে একজন নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রের নাম ফরিদুল ইসলাম (২৮)। বজ্রপাতে নিহত ব্যক্তির নাম রতন দাশ(৩৫)। ফরিদুল ইসলামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন রামপুরা স্টেশন এলাকায়। রতন দাশের বাড়ি ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জলদাশ পাড়া। তিনি ওই এলাকার বাসিন্দা হিরালাল দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফেজ (আইআইইউবি) ফরিদুল নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি। অন্যদিকে রতন দাশ মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন।

জানা যায়, সোমবার ভাটিয়ারী ইউনিয়নের বানু বাজার বাইতুল আমান জামে মসজিদে ফজরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিলেন ফরিদুল। এ সময় ঢাকামুখি একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি সার্জেন্ট ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ সাভারে এক রশিতে নব দম্পতির ঝুলন্ত লাশ

অপরদিকে গত সোমবার সকাল ৮টায় ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জলদাশ পাড়ার হিরালাল দাশের পুত্র রতন দাশ সমুদ্রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন। এ ঘটনায় আহত হন একই পাড়ার গহর দাশ (৩০)।

ইত্তেফাক/নূহু