‘খালেদা জিয়া কি জঙ্গি, সন্ত্রাসী, হাইজ্যাকারদের অস্ত্র দিতে চান?’

 
 
 
 
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া পুলিশ-র্যাবকে অস্ত্র না দিয়ে কি জঙ্গি, সন্ত্রাস, হাইজ্যাকারদের হাতে অস্ত্র দিতে চান? দেশের মানুষ এখন আর জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও চোর-চোট্টাদের পছন্দ করে না। তার মুখে এখন আর এ কথা মানায় না।’
বৃহস্পতিবার বিকালে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে যুবলীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ১৫ নভেম্বর  সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী সফল করতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ এ সভার আয়োজন করে।
বুধবার কিশোরগঞ্জে এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘পুলিশ-র্যাবকে অস্ত্র দেবেন না’ বলে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। তার এ আহ্বানের সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি জঙ্গি, সন্ত্রাসী, হাইজ্যাকারদের হাতে অস্ত্র দিতে চান?’ তিনি বলেন, ‘আমরা আশ্চর্য হই, বিস্মিত হই। তিনি (খালেদা জিয়া) কী করে র্যাব-পুলিশকে অস্ত্র না দিতে আহ্বান করেন। আপনার (খালেদার) এই আহ্বান সাজে না।’
যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যুবকরা দেশের চালিকাশক্তি। এ শক্তি এক হলে প্রধানমন্ত্রীর হাত আরো শক্তিশালি হবে। ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে দেখিয়ে দেন—আমরা আপনার (প্রধানমন্ত্রীর) পেছনে আছি।’

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হাসান খান নিখিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর ইসলাম মিজু, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।