ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি সৌদি আরবে হামলা চালানোর ডাক দিয়েছেন। বৃহস্পতিবার নিজ নামে ইন্টারনেটে ছাড়া এক অডিও বক্তব্যে এই হামলার ডাক দেন তিনি। বক্তব্যে তার স্বঘোষিত খলিফা শাসন সৌদি আরবসহ আরো চারটি আরব দেশে প্রসারিত হচ্ছে বলে জানান তিনি।
আবু বকর আল-বাগদাদি আরো বলেন, সিরিয়ায় ও ইরাকে আইএসের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। এসময় তিনি বিশ্বব্যাপী ‘জিহাদের আগ্নেয়গিরি’ ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নেয়ায় সৌদি আরবে অবস্থানরত আইএস’র সমর্থকদের দেশটির শাসকদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছেন।
তিনি বলেন, ও আল-হারামায়েনের সন্তানেরা, সাপের মাথা ও রোগের উৎস ঐখানেই রয়েছে...তোমাদের তরবারি ধর ও জীবনের আশা ছেড়ে দাও, কারণ সালোউলদের জন্য কোনো নিরাপত্তা থাকা উচিত নয়।
ইসলামের সবচেয়ে পবিত্র দুটি স্থানকে হারামায়েন বলা হয় যা সৌদি আরবে অবস্থিত।
বাগদাদি বলেন, আমার নতুন দেশে আইএস’র প্রসারতা ঘোষণা করছি। এর মধ্যে হারামায়েন, ইয়েমেন, মিশর, লিবিয়া ও আলজেরিয়া রয়েছে।
বাগদাদির মূল বক্তব্য আরবিতে হলেও টেপে তার ইংরেজি অনুবাদ দেয়া ছিল।
রেকর্ডকৃত ঐ বক্তব্য বাগদাদিরই কিনা তা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। তবে ইরাকের মসুলের দেয়া বাগদাদির শেষ প্রকাশ্য বক্তব্যের কণ্ঠের সঙ্গে এই কণ্ঠের মিল রয়েছে।