এইচ টি ইমামের কথায় কারচুপির সত্যতা প্রমাণিত : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির আশঙ্কা করেছিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কথায় তা সত্য বলে প্রমাণিত হলো।
তিনি বলেন, বিএনপি আন্দোলনে নেই-এটা বলা ভুল। আমরা আন্দোলনে আছি, থাকব। সময় মতো জনগণকে সম্পৃক্ত করে অবৈধ সরকারের পতন ঘটাবো।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু জানানোর জন্যই এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিলের ব্যাপারে বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে। বিএনপি মনে করে, ১০ বছর পর তৃতীয়বারের মতো অভিযোগপত্র দিয়ে সিলেটের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়রকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে।
তবে এই মামলায় বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরী ও লুৎফুজ্জামান বাবরের বিষয়ে মির্জা ফখরুল কোনো কথা বলেননি।
তিনি জানান, ৮ নভেম্বর তাদের ঢাকায় সমাবেশ করতে না দেয়া এবং পরবর্তী সময়ে ৯ নভেম্বর বিএনপির কর্মসূচিতে বিভিন্ন জায়গায় পুলিশের হামলা চালানোর ঘটনায় সভায় নিন্দা জানানো হয়।
জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদেরসহ হাসানুল হক ইনুর বক্তব্যের নিন্দা জানানো হয়।