ধূমকেতুতে বসা ফিলির ব্যাটারির চার্জ শেষ

ধূমকেতু সিক্সটিসেভেনপি’র ওপর স্থাপিত রোবোযান ফিলির ব্যাটারির চার্জ একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন এই প্রকল্পে যুক্ত বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি যেখানে অবতরণ করার কথা ছিল সেখানে অবতরণ না করায় এই সমস্যা প্রকট হয়েছে। ফিলি ছায়াময় একটি ঢালের বিপরীতে হেলান দিয়ে দাঁড়িয়েছে যার ফলে পর্যাপ্ত সূর্যালোক পাচ্ছে না এর সোলার প্যানেল। বিজ্ঞানীরা গতকাল বলেন, আর মাত্র একদিন চলতে পারে ফিলিতে থাকা ব্যাটারির চার্জ। তবে তারা আশা করছেন, প্যানেলটি যদি আরো প্রসারিত করা যায় তবে কয়েকদিনে কিছুটা চার্জ হবে। তখন আবার কাজ শুরু করতে পারবে ফিলি। খবর বিবিসির।

এই প্রকল্পে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, স্যাটেলাইট রসেটা থেকে ফিলি যখন ওই ধূমকেতুর বুকে নামে তখন প্রথমে প্রায় এক কিলোমিটার উঁচুতে লাফিয়ে ওঠে। একারণে নির্ধারিত স্থানে অবতরণ করতে পারেনি। উল্লেখ্য, পৃথিবী থেকে ৫১ কোটি কিলোমিটার দূরে দ্রুত ধাবমান এক ধুমকেতুর বুকে মানুষের তৈরি একটি যান এই প্রথম অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে। গবেষকরা আশা করছেন, এ অভিযান সফল হলে ৪৫০ কোটি বছর আগে সৌরজগত্ সৃষ্টির সময়কার প্রকৃত রহস্য সম্পর্কে জানা যাবে। ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা বলছেন, এর আগে ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে। ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর। আশা করা হচ্ছে এই অভিযান থেকে জানা যাবে কী ধরণের মৌলিক উপাদান দিয়ে আমাদের এই মহাবিশ্ব বা সৌরজগত গঠিত হয়েছে।