ছাত্রছাত্রী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবের জন্য প্রথমবারের মতো রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তি ফরম বিক্রির উদ্যোগ নেয়া হচ্ছে। আর বরাবরের মতো রাজধানীর স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি নেয়া হবে লটারির মাধ্যমে। তবে প্রথম শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে।
২৪টি পুরনো প্রতিষ্ঠানসহ বর্তমানে রাজধানীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩০টি। তিনটি গ্রুপে ভাগ করে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। আর ঢাকার বাইরের ৩০০টি স্কুলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের সভাপতিত্বে বিদ্যমান ভর্তি কমিটির মাধ্যমে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মোস্তফা কামাল জানান, এ সপ্তাহের মাঝামাঝি নীতিমালার খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্তকরণের জন্য পাঠানো হবে। গতবারের মতো এবারো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য পৃথক নীতিমালা জারি করবে মন্ত্রণালয়।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ১ জানুয়ারি ২০১৪ এ শিক্ষার্থীর বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে। ভর্তি কমিটির উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তি করতে হবে। নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি/ জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুত মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির পর শূন্য আসনে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এবার ভর্তি ফরমের মূল্য ৫০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হবে। বিগত বছরগুলোতে ভর্তি ফরমের মূল্য ছিল ১০০ টাকা। সে হিসাবে এবার মূল্য হতে পারে ১৫০ টাকা। পাশাপাশি ভর্তি ফিও বাড়তে পারে।
রাজধানীর বেসরকারি স্কুলগুলো ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোন কোনটি ফরম বিতরণও করছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে অনলাইনে আবেদন নেয়া হয়। ১০ নভেম্বর থেকে শুরু হয়ে গতকাল পর্যন্ত এ আবেদন করা হয়। ভর্তির জন্য বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে ২০০ টাকা ‘বিকাশে’র মাধ্যমে পরিশোধ করতে হয়েছে। আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৩ নভেম্বর।
নীতিমালা প্রকাশের আগেই বেসরকারি স্কুলে আবেদন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির আগেই বিভিন্ন ধরনের ফি ধার্যপূর্বক নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালায় উল্লেখ থাকে, ফরমের মূল্য, বয়স, ভর্তি প্রক্রিয়া, ভর্তি ফি, ভর্তি পরীক্ষায় নম্বর বন্টনসহ নানা বিষয়। নীতিমালা অনুযায়ী, এই নীতিমালার আলোকেই বেসরকারি স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করার কথা। কিন্তু ভর্তি নীতিমালা জারির আগেই একাধিক প্রতিষ্ঠান আবেদন ফরম বিক্রি শুরু করেছে। এ বিষয়ে একাধিক স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান, ভর্তি প্রক্রিয়ায় সময় প্রয়োজন। আবেদন ফরম বিক্রি, যাচাই-বাছাই, পরীক্ষা গ্রহণ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হয়। এই নীতিমালা নভেম্বরের শুরুতে জারি করলে সব প্রতিষ্ঠানে আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। তবে যে প্রতিষ্ঠান নীতিমালা জারির আগেই ভর্তির আবেদন ফরম বিক্রি শুরু করেছে, তারা গত বছরের নীতিমালার আলোকেই করছে। এ বিষয়ে মাউশি’র উপ-পরিচালক (মাধ্যমিক) মোস্তফা কামাল বলেন, গতবারের সাথে নীতিমালার বেশি পার্থক্য থাকবে না। তাই ওই নীতিমালার বিষয়টি সামনে রেখে কেউ কেউ ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।