সংস্কৃতি সাম্প্রদায়িক শক্তির উত্থান প্রতিহত করবে

সামম্প্রদায়িক উত্থান প্রতিহত করতে সংহতি চর্চ্চার বিকল্প নেই। সংস্কৃতি হলো অশুভ শক্তিকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার। শুক্রবার রাত পৌণে আটটায় মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠার ১৮ বছর (দেড়যুগ-পূর্তি) পূর্তি উৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করে প্রধান অতিথির বক্তবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকার বাইরে একটি প্র্ত্যন্ত অঞ্চল থেকে নাটক পরিবেশনা করা কঠিক কাজ। এ ক্ষেত্রে কমলগঞ্জের মনিপুরী থিয়েটার সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।
মন্ত্রী আরো বলেন, নাটকসহ সংস্কৃতি চর্চা বর্তমানে অনেকাংশেই ঢাকা কেন্দ্রীক হয়ে গেছে। এ থেকে বেরিয়ে এসে মফস্বলে সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে হবে। দেশের আনাচে কানাচে না্ট্যচর্চা করে এ ধারার অনুশীলনকে বিকশিত করতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী থিয়েটারের সভাপতি কবি ও নাট্যকার শুভাশিষ সমীর। সুশীল কুমার সিংহের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী ড. শাহীন আখতার, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ৪৬ বিজিবি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জোবায়ের ও জেলা শিল্প কলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু।
পরে কৃষ্ণ কুমারী দেবী ও থৈবি দেবী ধর্মীয় গান পরিবেশন করেন। আধুনিক গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের শিল্পী সুনীতি সিনহা।
রাতে শ্রীমঙ্গলে গ্যান্ড সুলতান হোটেলে সংস্কৃতিমন্ত্রী রাত্রি যাপন করে শনিবার সকাল নয়টায় কমলগঞ্জের মাধবপুরে মণিপুরী ললিতকলা একাডেমী পরিদর্শন ও তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।