সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার আসিফ আদনানকে হাইকোর্টের জামিন আদেশের ওপর দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হাইকের্টের জারিকৃত রুল নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট পক্ষগণকে বলা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে আসিফ আদনানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার পিতা হাইকোর্টের সাবেক বিচারক। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
এই মামলায় গত ১০ নভেম্বর বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের ডিভিশন বেঞ্চ পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করেন।
এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ রবিবার পর্যন্ত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেয়।
আজ ওই স্থগিতাদেশের মেয়াদ বহাল রেখে ৩১ ডিসেম্বরের মধ্যে রুল শুনানি করতে সংশ্লিষ্ট পক্ষগণকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।