ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে সরকার

ই-কমার্স ও ই-সেবা ছড়িয়ে দেয়ার জন্য ৪ হাজার ৫শ ৪৭টি ডিজিটাল সেন্টারের (ইউডিসি) সবচেয়ে সফল উদ্যোক্তাদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণে বিদেশে প্রেরণের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। গত বৃহস্পতিবার ইউডিসি উদ্যোক্তাদের একটি দল আগারগাঁও আইসিটি ডিভিশনে আলাদাভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর শিকদারের সঙ্গে আলাদা বৈঠককালে সরকারের এমনি ভাবনার কথা জানানো হয়। পলক বলেন, ‘গেল মঙ্গলবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সেন্টারের ১১ হাজার উদ্যোক্তাদেরকে ডিজিটাল ছেলেমেয়ে হিসেবে আখ্যায়িত করেছে। আইসিটি ডিভিশন এদের উন্নয়নে সব ধরণের সহযোগিতা দেবে।’
শ্যাম সুন্দর বলেন, ‘ডিজিটাল সেন্টারের যারা সবচেয়ে সফল উদ্যোক্তা তাদের কীভাবে ই-কমার্স ও ই-সেবার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয়া যায় তা আইসিটি ডিভিশন খতিয়ে দেখবে। সরকার দেশের সর্বত্র ই-কমার্স ও ই-সেবার সম্প্রসারণে কাজ করছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উন্নত প্রশিক্ষণ পেলে তারাই তৃণমূল পর্যায়ে ই-কমার্স ও ই-সেবা পৌঁছে দেয়ার কাজটি সাফল্যেও সঙ্গে করতে পারবে।’