ফেইসবুকে শফিউলকে হত্যার দায় স্বীকার জঙ্গি সংগঠনের !

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেজে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ ২’ নামে একটি জঙ্গি সংগঠন ক্লাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করার জন্য রাবি অধ্যাপক শফিউল ইসলামকে হত্যা করা হয়েছে বলে দায় স্বীকার করেছে।
তবে জঙ্গি সংগঠনটির দাবির বিষয়ে কোনো দায়িত্বশীল সূত্রে তথ্য পাওয়া যায়নি। কথিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম বাংলাদেশ ২’র পেজটির বয়স মাত্র ১৮ ঘন্টা।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আসলে কারা ওই পেজটি খুলেছে, তা এতো দ্রুত জানা সম্ভব নয়। মূল হোতাদের অনুসন্ধানে তদন্ত চলছে। আর তদন্তের স্বার্থে এখন খুব বেশি কিছু বলা যাবে না।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকাল তিনটায় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় নিজ ভাড়া বাড়ির অদূরে চৌদ্দপাই নামক স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা অধ্যাপক শফিউল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।