১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা রবিবার রাজধানীর হাজারীবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতার করেছে দুই জন ইয়াবা ব্যবসায়িকে। তারা হলেন— আক্তার ও মাহবুব।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের খিলগাঁও সার্কেলের পরিদর্শক এস. এম সামছুল কবির নেতৃত্বে একটি বিশেষ টিম গতকাল রবিবার দুপুর ১২টার দিকে হাজারীবাগের ১৭৫, মধুবাজারস্থ ৬তলা বিল্ডিংয়ের ২য় তলায় বি-১ ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় আক্তার (৫০) ও মাহবুবকে (৩০) গ্রেফতার করে কর্মকর্তারা। বাসার ভেতরে লুকিয়ে রাখা জায়গায় তাদের দেখানো মতে, ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এস. এম সামছুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, টেকনাফ সীমান্ত এলাকা থেকে এনে ঢাকার বিভিন্ন মাদকস্পটে ইয়াবা সরবরাহ করে থাকে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামছুল কবির বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।