চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পাইরেসির বিরুদ্ধে অভিযান চালানো হবে: তথ্যমন্ত্রী

 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে প্রয়োজন হলে সারাদেশে অভিযান চালানো হবে।

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পাইরেসি সমস্যা মোকাবিলা এবং চলচ্চিত্র নির্মাণ ব্যয় কমিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলচ্চিত্রকে ‘শিল্প’ ঘোষণার ফলে নির্মাতাদের যে নতুন সুযোগ সুবিধাগুলো পাওয়া প্রয়োজন, তা নিশ্চিত করার ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। 
মন্ত্রী রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র প্রযোজক সমিতি কার্যালয়ে চলচ্চিত্র প্রযোজকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
পাইরেসি বন্ধে বহুমাত্রিক পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী ইনু বলেন, পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাথে সাথে নতুন মুক্তিপ্রাপ্ত বা মুক্তি পেতে যাচ্ছে এমন চলচ্চিত্রের পাইরেটেড কপি কোন ডিশ বা কেবল লাইন যদি প্রচার করে, তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
একইসাথে দর্শকদের স্বার্থে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের যুগে ডিজিটাল পদ্ধতিতে নির্মিত চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলোতে ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শন করা উচিত বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। 
প্রযোজক সমিতির নেতৃবৃন্দের মধ্যে নাসিরউদ্দিন দিলু, খোরশেদ আলম খসরু, কাজী হায়াত্, আদিলুর রহমান লিটন, মো. ইকবাল হোসেন, শিল্পী সমিতির সভাপতি নায়ক শাকিব খান, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার এবং তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।