ভারতের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় পৌঁছেছেন। সকাল সাড়ে আটটায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এনআইএ’র মহাপরিচালক শারদ কুমারের নেতৃত্বে তিন সদস্যদের এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ডিআইজি অনুরাগ তঙ্কা ও ডিআইজি সঙ্গীত কুমার সিং। তারা বেলা ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত বিষয়ে একটি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে পুলিশ সদর দফতর, র্যাব, ডিবি ও এসবি’র একজন করে ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নিয়েছেন।
গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খগড়াগড়ে বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান ম-ল নামে দুইজন নিহত হন। এ সময় আবুদল হাকিম নামে একজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়।
এনআইএ’র প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, এই তিনজনই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এর পাশাপাশি বর্ধমান পুলিশ সাজিদ ওরফে মাসুম নামে জেমএমবির একজন শীর্ষ নেতাকে গ্রেফতার করে। সাজিদের দেয়া তথ্য মতে বাংলাদেশের র্যাব, নারায়ণগঞ্জের ফরাজিকান্দা গ্রাম থেকে সাজিদের ভাই মনাকে গ্রেফতার করে।
এর আগে জিজ্ঞাসাবাদে সাজিদ জানিয়েছিল, তাদের পরিকল্পনায় বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার একটি মিশন রয়েছে। এসব বিষয় তদন্তের জন্য এনআইএ’র প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।