খণ্ডিত বক্তব্য এসেছে: এইচ টি ইমাম

 
 
খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে:এইচ টি ইমাম
 
 
 
পাঁচ জানুয়ারি নির্বাচন ও সরকারি চাকরি নিয়ে বক্তব্যের কারণে সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তার বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে এসেছে। পরস্পর থেকে আলাদা করে ও খণ্ডিতভাবে প্রচারের জন্য বক্তব্যের সারমর্মই বদলে গেছে। খন্দিত বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, একই সঙ্গে সুকৌশলে তাকে হেয় করার চেষ্টা করছে। তবে পুরো বক্তব্য প্রচার করলে ভুল বোঝাবুঝির অবসান হবে।
 সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে আরো বলেন, আমার বিনীত অনুরোধ খণ্ডিতভাবে নয়, বস্তুনিষ্ঠভাবে আমার সামগ্রিক বক্তব্যের সারমর্ম শুনে ও বুঝে দেশবাসীর সামনে আপনারা তুলে ধরবেন।
এইচটি ইমাম বলেন, যারা আমার বক্তব্যের অপব্যাখ্যা করছেন, তাদের কাজই হচ্ছে শুধুমাত্র অন্যের ত্রুট খুঁজে বেড়ানো, অন্যায়ভাবে সরকারের সমালোচনা করা। ধূম্রজাল সৃষ্টি করে স্বার্থ হাসিল করা অথবা দেশের উন্নয়ন অগ্রযাত্রার গতিকে স্তিমিত করার অপপ্রয়াস যেন অনেকের কাছে নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে।
এইচটি ইমাম বলেন, গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে  আমি বলেছিলাম, লিখিত পরীক্ষা ভাল করতে হবে। কারণ ১০০০ নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায়। সেখানে ভাইভার নম্বরে কিছু করার থাকে না। লিখিত পরীক্ষার পর তারা যাতে মৌখিক পরীক্ষায়ও ভাল করে এ জন্য যা যা দরকার তা করার কথা বলেছিলাম। প্রয়োজনে আমি নিজেই কোচিং করানোর কথা বলি। মৌখিক পরীক্ষা দিতে গিয়ে কিভাবে প্রশ্ন উত্তর, সালাম দিতে হবে সেটা শিখানোর কথা বলি।
তরুণদের উদ্দেশে দেওয়া বক্তব্যের উদ্দেশ্য শিক্ষামূলক ছিল বলেও উল্লেখ করেন এইচ টি ইমাম। তিনি বলেন, বিএনপি-জামায়াতের মতো অভিপ্রায় থাকলে ছাত্রলীগ নেতা-কর্মীদের আমরা রাত জেগে পড়া-লেখার পরামর্শ দিতাম না।
পাঁচ জানুয়ারির নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যায় এইচটি ইমাম বলেন, স্বাভাবিকভাবেই আমি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, এই নির্বাচনের পূর্বে বিএনপি-জামায়াত জোটের নাশকতা, গণহত্যা, অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের ষড়যন্ত্র এবং চলমান উন্নয়ন অভিযাত্রাকে ভণ্ডুল করার অপপ্রয়াসের কথাও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করি। কিন্তু আমার সামগ্রিক বক্তব্য প্রকাশ বা প্রচার না করে মূল ভাবার্থের বিকৃতি ঘটিয়ে দুটি বিষয় নিয়ে গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।