আওয়ামী লীগের খোলস উন্মোচন করেছেন এইচ টি ইমাম: মির্জা ফখরুল

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে তার বক্তব্যে আওয়ামী লীগের খোলস উন্মোচন করেছেন। একারণে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। সোমবার দুপুরে নিজ বাড়িতে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ন্ত্রণ করতে সরকার যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলো, তার বক্তব্যের পর এটা বুঝতে আর কারোই বাকি থাকে না।  
তিনি বলেন, পাকিস্তানের স্বৈরশাসক  জেনারেল আইয়ুব খানকে সরাতে ১২ বছর  লেগেছে। আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানকে সরালেও আরেক স্বৈরশাসক ক্ষমতা দখল করে দেশের মানুষের ওপর অত্যাচার শুরু করে। আর স্বৈরাচার এরশাদকে সরাতেও নয় বছর সময় লেগেছিল। 
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভিত্তি সাধারণ মানুষের অন্তরে। ঠাকুরগাঁওয়ে বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। আন্দোলন এবং যে কোনো নির্বাচনে তার প্রমাণ মিলেছে। আন্দোলন যদি জনগণের পক্ষে থাকে তবে তা কোনো স্বৈরাচারীর পক্ষে বন্ধ করা সম্ভব হয় না। বিএনপি এখন বিকশিত ও শক্তিশালী একটি রাজনৈতিক দল।
মতবিনিময়ে জেলা বিএনপির সহ সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক মো.তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, যুবদলের আহ্বায়ক মাহেবুল্লাহ আবু নূর, সদস্য সচিব মাহবুব হোসেন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।