ক্যাসিগকে হত্যা নিছক শয়তানের কাজ: ওবামা

 

যুক্তরাষ্ট্রের সাহায্যকর্মী আব্দুল রহমান কাসিগের হত্যাকে ‘নিছক শয়তানের কাজ’ বলে এর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তির পায়ের কাছে একটি কাটা মাথা পড়ে আছে।ওই মাথাটি কাসিগের বলে নিশ্চিত করে হোয়াইট হাউস।
তার বাবা-মা বলেছেন, ‘সিরিয়ার জনগণের প্রতি ভালবাসার জন্য তাকে প্রাণ দিতে হল।’
সিরিয়ায় সাহায্যকর্মীদের একটি গোষ্ঠির সঙ্গে কাজ করার সময় ২০১৩ সালের অক্টোবরে ২৬ বছর বয়সী কাসিগকে অপহরণ করে আইএস জঙ্গিরা।
কাসিগকে নিয়ে এ পর্যন্ত পাঁচজন পশ্চিমা নাগরিককে হত্যা করল আইএস। এর আগে ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিং ও ডেভিড হেইন্স এবং যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সটলফের শিরশ্ছেদ করে হত্যা করেছিল গোষ্ঠিটি।
আইএস জঙ্গিরা গত কয়েক মাসে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করেছে। জঙ্গিগোষ্ঠিটিকে থামাতে দেশ দুটির সরকার কার্যত ব্যর্থ হয়েছে। গণহত্যা, শিরশ্ছেদ, ধর্ষণ, অপহরণের মতো সন্ত্রাসী তত্পরতা চালিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে সংগঠনটি।
কাসিগের প্রশংসা করে ওবামা বলেন, ‘তিনি মানবাধিকারের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অমানবিক একটি সন্ত্রাসী গোষ্ঠি তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, এটি নিছক শয়তানের কাজ।’
তিনি বলেন, ‘আজ আমরা সবাই শোকাভিভূত, তা সত্বেও যে অদম্য মনোবল ও শুভশক্তি আব্দুল রহমান কাসিগকে উজ্জীবিত করেছে আমরা তা স্মরণ করছি।’
অস্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পর ওবামা এ প্রতিক্রিয়া জানান। সূত্র: এএফপি