মেয়েদের বিয়ের বয়স ১৮ বহাল রেখে আইন পাসের দাবি

 
মেয়ে শিশুর বিয়ের বয়স ১৮ বছর বহাল রেখে ২০১৪ সালের মধ্যে ‘শিশু বিবাহ নিরোধ আইন-২০১৪’ পাশ করার সুপারিশ জানিয়েছে ‘চাইল্ড রাইটস এডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ’। কোয়ালিশনের নেতৃবৃন্দরা বলেছেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে শিশু বিষয়ক আলাদা ডেস্ক ও জাতীয় বাজেটে শিশুদের জন্যে সুনিদিষ্ট অর্থ বরাদ্দ রাখারও সুপারিশ জানান।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শিশু অধিকার সনদের ২৫ বছর: করার আছে আরো’ শীষর্ক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। চাইল্ড রাইটস এডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, চাইল্ড রাইটস গর্ভানেন্স এর চেয়ারপারসন ইমরানুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সরকার শিশু অধিকার কনভেনশনে স্বাক্ষর করার পর শিশু অধিকার রক্ষায় অনেক প্রসংশনীয় উদ্যোগ গ্রহণ করেছে। যার প্রতিশ্রুতিতে দেশে শিশু শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, শিশু মৃত্যুর হার কমেছে, স্কুলে শারীরিক শাস্তি অবৈধ করা হয়েছে, শিশুদের জন্যে ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রনয়ন করা হয়েছে। কিন্তু এতো সাফল্যের পরেও বাংলাদেশের শিশুরা তাদের সাংবিধনিক অধিকার পরিপূর্ণভাবে উপভোগ করতে পারছে না।
জাতীয় শিশু নীতির তথ্য অনুসারে, দেশে মোট জনসংখ্যার ৪৫ ভাগ শিশু। এর বেশিরভাগ তাদের সার্বিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা ক্ষেত্রে দরিদ্রতা, অসমতা ও শিক্ষা নীতিমালার যথাযথ বাস্তবায়নের অভাবে শিশুরা স্কুল থেকে ঝড়ে পড়ছে এবং বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে। এখানো ৭৯ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশু বিবাহের ক্ষেত্রে এখানো ৬৬ ভাগ বাল্যবিবাহ হচ্ছে।
শিশুদের এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় বাজেটে শিশুদের জন্যে বরাদ্দ বাড়াতে হবে, এছাড়া শিশু সুরক্ষায় দেশে যে আইন ও নীতিমালা আছে তা বাস্তবায়নে বরাদ্দও জাতীয় বাজেটে নেই এবং আর্থিক সীমাবদ্ধতা ও জনবল সংকটে কমিউনিটি পর্যায়ে সরকারি শিশু সুরক্ষা বেষ্টনি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না বলে জানান।
শিশু অধিকার সনদের ২৫ বছর পূতি উপলক্ষ্যে ‘চাইল্ড রাইটস এডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ’ তাদের বিভিন্ন বিষয়ে অবহিত করতে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর দৃক গ্যালারীতে অনুষ্ঠিত হবে ‘শিশুদের অংকন ও আলোকচিত্র প্রদর্শনী’। ২০ নভেম্বর বিয়াম মিলনায়তনে ‘চাইল্ড রাইটস কনভেনশন এসেসমেন্ট রিপোর্ট’ প্রকাশ করবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এডভোকেসি ডিরেক্টর চন্দন গোমেজ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর চাইল্ড রাইটস এডভাইজার এস এম রশীদ, শিশু অধিকার ফোরামের ডিরেক্টর আব্দুস শহীদ মাহমুদ, তেরে ডেস হোমস নেদারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবীর, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার জলি প্রমুখ।