উপজেলা নির্বাহী কর্মকর্তা বা শিক্ষা কর্মকর্তার মত দেশের সব উপজেলায় সরকারিভাবে মানবাধিকার কর্মকর্তা নিয়োগ দেয়ার আহবান জানিয়েছে মানবাধিকার জোট বাংলাদেশ (এইচআরএবি)।
সোমবার রাজধানীতে দ্যা ডেইলি স্টার ভবনে ‘বাংলাদেশে সংখ্যালঘুদের মানবাধিকার’ শীর্ষক জাতীয় বৈঠকে এ আহবান জানানো হয়। এইচআরএবি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, বাংলাদেশ হাজার বছর ধরে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান ছিল। পাকিস্তান আমল থেকে এ সম্প্রীতি নষ্ট করা শুরু হয়েছে। এ ধারা এখনও অব্যাহত। রাজনীতিকরা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য দায়ী। সরকারের নীতি গ্রহণ প্রক্রিয়ায় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।