বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনীতিকে ভয়াবহ জায়গায় নিয়ে গেছেন। তারা যে স্থানে দাঁড়িয়ে আছেন সে স্থানটি ভাল নয়। তাদের পায়ের তলায় মাটি নেই। তারা চোরাবালির উপর দাঁড়িয়ে আছেন। এখান থেকে সরে না আসলে পরিণতি শুভ হবে না। কারণ ইতিহাসে আমরা দেখেছি পৃথিবীর কোনো স্বৈরাচার শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, পারে না।
সোমবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ৭ নভেম্বর উপলক্ষে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা।
মির্জা ফখরুল বলেন,যারা ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কথা বলেন, তাদের প্রধানমন্ত্রী অর্বাচীন বলেন। তিনি অর্বাচীন শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন তা আমরা জানি না। কিন্তু ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বের কোনো দেশই ওই নির্বাচনকে মেনে নেয়নি। বাংলাদেশের মানুষও এই নির্বাচনে অংশ নেয়নি। তাহলে কি সারা বিশ্ব ও দেশের সাধারণ মানুষকে উনি অর্বাচীন বলেছেন।
এদিকে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলার রাংগুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মাহবুব আলমকে গুলি করে হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনসাধারণ যখন সোচ্চার তখন সরকার বিএনপির দলের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা, গুম, অপহরণের কাজে ব্যবহার করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তান্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে।