বাংলাদেশ জাতীয় সংসদ, কমনওয়েলথ্ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এবং আইএমএফের যৌথ উদ্যোগে ঢাকায় সোমবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী কর্মশালা। মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
অন্য এমপিদের সঙ্গে এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সম্প্রতি প্রয়াত সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের নামেও।
সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন মুহিবুর রহমান মানিক। তিনি সংসদ সচিবালয়ের দায়িত্বশীলতা ও যত্ন নিয়ে প্রশ্ন তোলেন।
এসময় অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এই ঘটনার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে তিনি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দেন।