মার্কিন ত্রাণকর্মীর শিরশ্ছেদ করেছে ফরাসি জিহাদি

সিরিয়ায় সম্প্রতি যে আইএস জঙ্গি এক মার্কিন ত্রাণকর্মীর শিরোশ্ছেদ করেছে সে ফরাসি নাগরিক বলে ধারণা করছে ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানোর কয়েক ঘন্টা পর ফরাসি কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির।

জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তির পায়ের কাছে একটি কাটা মাথা পড়ে আছে। পরে ওই মাথাটি মার্কিন নাগরিক কাসিগের বলে নিশ্চিত করে হোয়াইট হাউস। কাসিগের বাবা-মা বলেছেন, ‘সিরীয় জনগণের প্রতি ভালবাসার জন্য তাকে প্রাণ দিতে হল।’ গতকাল ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনুভি বলেন, কাসিগকে হত্যার মিশনে যে আইএস জঙ্গিদের ওই ভিডিওতে দেখা গেছে তাদের মধ্যে মূল ব্যক্তিটি ফরাসি নাগরিক বলে তাদের ধারণা। তিনি আরো জানিয়েছেন আইএসে যোগ দেয়া ২২ বছর বয়সী ওই ফরাসি নাগরিকের নাম ম্যাক্সিম হচার্ড। প্যারিসের পশ্চিমাংশে তার বাড়ি। আগের কয়েকটি শিরোশ্ছেদের সময় এক ব্রিটিশ জিহাদি যে ধরনের মুখোশ পরেছিল, কাসিগের শিরোশ্ছেদের সময়ও ওই ফরাসি জিহাদি একই ধরনের মুখোশ পরা ছিল। যে কারণে তার চেহারা স্পষ্ট বোঝা যায়নি। কাসিগকে নিয়ে এ পর্যন্ত পাঁচজন পশ্চিমা নাগরিককে হত্যা করল আইএস। এর আগে ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিং ও ডেভিড হেইন্স এবং যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সটলফের শিরশ্ছেদ করে হত্যা করেছিল গোষ্ঠিটি।