চোরের নির্যাতনে পুলিশের মৃত্যু

পুলিশের নির্যাতনে দোষী কিংবা নির্দোষ মানুষের মৃত্যু ঘটার খবর অহরহ মিডিয়াতে আসে। কিন্তু ভারতের মুম্বাইয়ে ঘটেছে এক ‘উল্টোকাব্য’। সেখানে এক চোরের নির্যাতনে মৃত্যু হয়েছে তাকে ধরতে যাওয়া পুলিশ অফিসারের। গতকাল মুম্বাই-য়ের ওয়াড়ি বন্দর এলাকায় এই ঘটনা ঘটে। অথচ ওই পুলিশ অফিসার ২০০৫ সালে সেরা ‘বডি বিল্ডার’-এর পুরস্কার পেয়েছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে ওই এলাকার একটি অফিসের কর্মচারি তাদের ভবনে একজন অপরিচিত লোক ঢুকতে দেখে তার বসকে ফোন করেন। বস তখন স্থানীয় থানায় ফোন করলে পুলিশের একটি বহর সেখানে আসে। এরপর পুলিশ অফিসার অজয় গাওয়ান্দ চোরকে ধরে আনতে সিঁড়ি দিয়ে উপরে চলে যান। অনেক সময় পার হওয়ার পরেও তিনি ফিরে না আসায় অন্য পুলিশ সদস্যরা উপরে উঠে যান।  তারা ছাদের একটি কক্ষ থেকে কান্নাকাটির শব্দ শুনে সেদিকে এগিয়ে যান। গিয়ে দেখেন পুলিশ কর্মকর্তা অজয় সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তিনি সবার সামনে চোরের হাতে নির্যাতিত হবার বর্ণনা দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন। -টাইমস অব ইন্ডিয়া