বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে তলব করেছে আদালত। গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনির খানের অভিযোগ আমলে নিয়ে ঢাকার মহানগর হাকিম মো. রেজাউল করিম এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
মানহানি মামলায় বলা হয়, গত ৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় আট্রিয়াম হলে বিএনপি যুক্তরাজ্য শাখা কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘শেখ মুজিব পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন এবং জাতির জনককে ‘পাকবন্ধু’ বলেছেন। বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা দরকার বলেও বক্তব্য দেন। যা বিভিন্ন পত্র-পত্রিকা ও মিডিয়াতে প্রকাশিত হয়। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের এ ধরনের নিন্দা ও কটূক্তির কারণে বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়। এ ধরনের বক্তব্যে আওয়ামী লীগের সম্মানের চরম হানি হয়েছে, যা অর্থের মূল্যমানে একশ’ কোটি টাকা হবে বলে বাদী দাবি করেন।