সরকার রাজনীতিকে ভয়াবহ জায়গায় নিয়ে গেছে :ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাজনীতিকে ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। তাদের পায়ের তলায় মাটি নেই। তারা চোরাবালির উপর দাঁড়িয়ে আছেন। এখান থেকে সরে না আসলে পরিণতি শুভ হবে না।

গতকাল ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ৭ নভেম্বর উপলক্ষে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা।
মির্জা ফখরুল বলেন, আমরা পাকিস্তানের স্বৈরশাসক আইয়ূব ও ইয়াহিয়াকে দেখেছি আর বাংলাদেশের এরশাদকেও দেখেছি। এরা কেউ টিকে থাকতে পারেনি। জনগণের উপর স্টিমরোলার চালিয়েও  নিজেদের পতন তারা ঠেকাতে পারেনি। এই সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর হচ্ছে সৈনিক ও জনতার বিপ্লব। এই বিপ্লব ছিলো দেশ ও দেশের স্বাধীনতা রক্ষার বিপ্লব। কিন্তু আওয়ামী লীগ ৭ নভেম্বরের কোনো অনুষ্ঠান পালন করতে দিচ্ছে না।
এদিকে গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম উত্তর জেলার রাংগুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মাহবুব আলমকে গুলি করে হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনসাধারণ যখন সোচ্চার তখন সরকার বিএনপির নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা, গুম, অপহরণের কাজে ব্যবহার করা হচ্ছে।