বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে শর্ত দিলেন মমতা

 
বাংলাদেশের সঙ্গে কুচবিচারের ছিটমহল বিনিময়ে ‘রাজি’ আছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সংক্রান্ত যেকোনো পদপে নেয়ার আগে ভারতের কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নিতে হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ১২৫ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। খবর: আইএএনএসের।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কুচবিহারের সীমান্তে থাকা ছিটমহলগুলো বিনিময়ের পক্ষে। তবে এটি হতে হবে সমঝোতার মাধ্যমে। যেকোনো পদপে নেওয়ার আগে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে।
তিনি বলেন, আপনাদের বুঝতে হবে, ছিটমহল বিনিময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে নানা ধরনের চাপ বাড়বে। এজন্য সঠিক নিয়ম এবং পুনর্বাসন প্রক্রিয়া ঠিক করতে হবে।
বাংলাদেশের ভেতর ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। অন্যদিকে ভারতের মধ্যে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে যার সবই কুচবিচারে অবস্থিত।