ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: পানি উন্নয়ন বোর্ডের ডিজিকে তলব

মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) সদ্য অবসরপ্রাপ্ত ডিজি (মহাপরিচালক) মো. সাহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক সেলিনা আকতার মনি এ নোটিশ করেছেন। নোটিশে সাহিদুরকে আগামী বৃহস্পতিবার দুদকে হাজির হতে বলা হয়েছে।
অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলেও গত বছরের ডিসেম্বর থেকে ‘মুক্তিযোদ্ধা হিসেবে’ বাড়তি মেয়াদ শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারিতে মহাপরিচালকের দায়িত্ব পান সাহিদুর। পানি উন্নয়ন বোর্ড থেকে ২০১০ সালের ২৫ এপ্রিল মুক্তিযোদ্ধা দাবিদার হিসেবে ১৬০ জন কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। এর জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে প্রতিবেদন দেয়া হয় সেখানে ৩২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে নেয়া হয়। বাকি ১২৮ জনের বিষয়ে বলা হয়, মুক্তিযোদ্ধা হওয়ার স্বপক্ষে সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ১২৮ জনের নামের তালিকায় ৮৯ নম্বর সিরিয়ালে সাহিদুর রহমানের নাম অর্ন্তভুক্ত ছিল। তার নামের পাশে মন্তব্যের কলামে বলা হয়, তথ্য না থাকায় যাচাই করা গেল না। এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে লাল মুক্তি বার্তায় তার নামও ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি সার্টিফিকেট পেশ করে ২০১৩ সালের ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়তি চাকরি শুরু করেছেন।