বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে একনায়তান্ত্রিক শাসনের ল্যাবরেটরি খুলেছে। মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, এই ল্যাবরেটরি থেকে সীমাহীন অরাজকতা, বিরোধী দল দমন, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের নতুন নতুন পন্থা বেরিয়ে আসছে।
তিনি অভিযোগ করেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরাতে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সমন জারি করা হয়েছে। এটি সরকারের দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ।
রিজভী বলেন, এইচ টি ইমাম পেন্ডোরার বাক্স খুলে দিয়েছেন। তার বক্তব্যে দেশের মানুষ আরো নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের হীন কারসাজি সম্পর্কে হাতেনাতে প্রমাণ পেল।