মায়ের মমি করা লাশ নিয়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে জার্মানির এক নারী বাস করছিলেন। এমনকি ঐ নারী মায়ের মমি নিয়ে একই বিছানায় ঘুমাতেন। গত সপ্তাহে জার্মানের দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখ শহর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর ৫৫ বছর বয়সী ঐ মেয়েকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার একজন সমাজকর্মী ঐ নারীর মায়ের সঙ্গে দেখা করতে চান। কিন্তু ঐ মেয়ে তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। এতে ঐ সমাজকর্মী পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঐ ফ্যাটের দরজা খোলার জন্য দমকল বাহিনীকে খবর দেয়।
পুলিশ জানিয়েছে, ঐ অ্যাপার্টমেন্ট ব্লকের অন্য ভাড়াটেরা আগে ‘অদ্ভূত গন্ধের’ কথা জানিয়েছিলেন। ভবনের ম্যানেজমেন্টকে তারা বলেন, ঐ ফ্যাটে থাকা বৃদ্ধাকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না।
জিজ্ঞাসাবাদে ঐ নারী পুলিশকে জানিয়েছে, ২০০৯ সালের মার্চে ৭৭ বছর বয়সে তার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্র: এএফপি।