উত্তর আফ্রিকার জিহাদি গোষ্ঠী আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) সোমবার এক ফরাসি ও এক ডাচ জিম্মির ভিডিও প্রকাশ করেছে। সাহারা থেকে ২০১১ সালের নভেম্বরে তাদের জিম্মি করা হয়।
সন্ত্রাসীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইটে’ প্রকাশিত ওই ভিডিওতে ফরাসি নাগরিকের নাম সার্জে লাজারেভিক ও নেদারল্যান্ডের নাগরিকের নাম সাক রিজকে বলে উল্লেখ করা হয়েছে। তারা দু’জনেই তাদের মুক্তির জন্য আলোচনা করতে নিজ নিজ সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
লাজারিকের ফুটেজে কখন ভিডিওটি করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। তবে রিজকে বলেন, এই বছরের ২৬ সেপ্টেম্বর তার এ ভিডিওটি করা হয়েছে। তিনি মে মাসে একজন মার্কিন তালেবান কয়েদিকে বিনিময়ের কথাও উল্লেখ করেন।
২০১১ সালের নভেম্বরে মালির হম্বরি শহর থেকে লাজারেভিককে (৫০) অপহরণ করা হয়। ভিডিওতে দেখা যায়, তার মাথা কালো কাপড় দিয়ে ঢাকা এবং মুখে দাঁড়ি। তিনি একটি পিক-আপ ট্রাকের সামনে দাঁড়িয়ে আছেন এবং পিছনে জিহাদিদের একটি কালো ব্যানার টানানো রয়েছে।
ফরাসি ভাষায় লাজারেভিক বলেন, তিনি গুরুতর অসুস্থ এবং তার মুক্তির জন্য আলোচনা করতে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের প্রতি আহবান জানিয়েছেন। গত জুনে একিউআইএম প্রকাশিত একটি ভিডিওতে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল।
ফরাসি কর্তৃপক্ষ সোমবার প্রকাশিত ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
অপর জিম্মি সাক রিজকেও তার মুক্তির জন্য আলোচনা করতে নিজ দেশের সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
২০১১ সালের নভেম্বরে মালির টিমবুকটু শহর থেকে রিজকে (৫৪) অপহৃত হন। এরপর জঙ্গিরা তার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করে।
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা সর্বশেষ ভিডিওটি সম্পর্কে অবগত আছে। এএফপি