জেরুজালেমে উপাসনালয়ে হামলায় নিহত ৪

 
 
 
জেরুজালেমের একটি সিনাগগে সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। হার নফ এলাকায় কুড়াল ও ছুড়ি নিয়ে দুজন লোক উপাসনালয়ে আসা মানুষের ওপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, তারা দুই হামলাকারীকেই উপাসনালয়ে গুলি করে হত্যা করেছে। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে প্রবেশ নিয়ে ইহুদি ও মুসলিমদের মধ্যে হানাহানি ও বিদ্বেষ চলছে। খবর বিবিসির।
পুলিশ হামলার স্থানটি সিলগালা করে দিয়েছে। আহতদের জেরুজালেমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব জেরুজালেমে আরো ইহুদি বসতি নির্মাণের ঘোষণার পর জেরুজালেমের রাস্তায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। কিছু দিন আগে ইহুদি ধর্মীয় এক নেতার ওপর একটি ধর্মীয় উপাসনালয়ে এক ফিলিস্তিনি গুলি চালায়। কম্পাউন্ডটিকে ইহুদিরা টেম্পল মাউন্ট ও মুসলিমরা আল-হারাম আল-শরিফ বলে থাকে।
এ দিকে, আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্র ধর্মীয়স্থান, যা আবার ইহুদিদেরও পবিত্র স্থান। কট্টর ইহুদিরা সেখানে দীর্ঘদিন উপাসনার দাবি করে আসছে। ফিলিস্তিনিরা ভবিষ্যত্ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চায় পূর্ব জেরুজালেমকে। বর্তমানে সেখানে হানাহানির জন্য ইসরাইল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।