আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি পরিচালিত একটি ভবনে আজ এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত দুজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে। এ ঘটনার দায়দায়িত্ব স্বীকার করেছে তালেবান। খবর বিবিসির।
সকালে শহরের পূর্বাঞ্চলীয় শহরতলিতে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে আফগান নিরাপত্তারক্ষী নিহত হন। ভবনটি আন্তর্জাতিক সামরিক বাহিনীর ঘাঁটি হিসেবেও ব্যবহার করা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, বিদেশি ঘাঁটিটির ফটকের সামনে বোমা নিয়ে একটি ছোট ট্রাক থামে। এরপর এটি বিস্ফোরিত হলে নিরাপত্তাকাজে নিয়োজিত দুই ব্যক্তি নিহত হন। এ ছাড়া, আহত হন আরো কয়েকজন।
কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ রাজধানীজুড়ে শোনা গেছে এবং ব্যাপক ধোঁয়াও দেখা যায়। গত কয়েক সপ্তাহে কাবুলে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার দেশটির নারী রাজনীতিক ও নারী অধিকারকর্মী শুকরিয়া বারাকজাইয়ের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। এতে তিনজন বেসামরিক লোক নিহত ছাড়াও আরো অনেকে আহত হয়।