বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ ৭ প্রকল্প অনুমোদন

তিনটি নতুন ও চারটি সংশোধিতসহ মোট ৭ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৩৫৩ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে ১১০২ কোটি ৪৬ লাখ টাকা, বাকি ২৫০ কোটি ৮২ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে দেয়া হবে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম। সভায় পরিকল্পণামন্ত্রী কর্তৃক অনুমোদিত উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের শিরোনাম পরিবর্তন সংক্রান্ত একটি প্রকল্প একনেক সভায় অবগতির জন্য পেশ করা হয়।
সভা শেষে জানানো হয়, ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্প সভায় অনুমোদিত হয়েছে। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮৫৩ কোটি ৬৮ লাখ টাকা। মন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। চলতি বছর জুলাই থেকে শুরু হয়ে ২০১৭ সালের জুলাই মেয়াদে এটি বাস্তবায়ন করার লক্ষ্য রয়েছে। এ সঞ্চালন লাইন স্থাপন করা হলে আশুগঞ্জের স্থাপিতব্য ২ বাই ৪৫০ মে.ও. কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ অবমুক্ত করা হবে। অন্যদিকে রামপুরা বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে, ৩৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট ও একটি বেসিক সেন্টার স্থাপন প্রকল্প (২য় সংশোধিত), ১০৪ কোটি টাকা ব্যয়ে মদন-খালিয়াজুড়ি সাবমার্জিবল সড়ক নির্মাণ এবং নেত্রকোনা-মদন খালিয়াজুড়ি সড়কের ৩৭তম কিলোমিটারে বালাই নদীর ওপর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, ১৭৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে পুলিশ বিভাগের ৬০টি তদন্ত কেন্দ্র টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত), ৫৫ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প (২য় পর্যায়), ৫৪ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত), ৭২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ৯টি জেলা কার্যালয় স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)।