সারদা কেলেঙ্কারি: পশ্চিমবঙ্গের মন্ত্রীকে তলব

সারদা কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে তলব করেছে সিবিআই  (কেন্দ্রীয় তদন্ত সংস্থা)। এছাড়াও তৃণমূল সংসদ সদস্য সৃঞ্জয় বসুকে তলব করা হয়েছে। শুক্রবার সল্টলেকে সিবিআইয়ের দফতরে হাজির হতে বলা হয়েছে। খবর: এনডিটিভি ও জি-নিউজের। 
এনডিটিভির খবরে বলা হয়েছে, সিবিআই একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে মদন মিত্রকে তদন্ত সংস্থায় হাজির হয়ে জিজ্ঞাসবাদের মুখোমুখি হতে হবে। 
এর মধ্য দিয়ে এই প্রথম সারদা কেলেঙ্কারির ঘটনায় পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রীকে তলব করা হল। 
এদিকে জি-নিউজের খবরে বলা হয়েছে, তলবের প্রতিক্রিয়ায় সৃঞ্জয় বসু জানান, আমাকে সাী হিসাবে ডাকা হয়েছে। একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমি যাব।
এই দুজনের পাশাপাশি আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে জেরা করা হতে পারে। তার মধ্যে রয়েছেন-ভারতের চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, মন্ত্রী শ্যামপদ মুখার্জি, আসামের প্রাক্তন মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মনোরঞ্জনা সিংকে। 
অধিক মুনাফা দেয়ার কথা বলে পশ্চিমবঙ্গ ও ওডিশার লাখ লাখ ক্ষুদ্র  বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা সংগ্রহ করে। পরে গত বছর এটি ভেঙে পড়ে। ফলে ঐসব ক্ষুদ্র বিনিয়োগকারীরা দেউলিয়া হয়ে যায়।