রাজধানীর বাড্ডা-গুলশান এলাকা থেকে দুই অপহরণকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা। এ সময় অপহৃত হাত পা বাঁধা অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড্ডা-গুলশান লিংক রোড এলাকা থেকে তাদেরকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৫।
পুলিশ সূত্র জানায়, বাড্ডা-গুলশান লিংক রোডে আর্মড পুলিশের একটি টিম দায়িত্ব পালন করছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সাকে সিগন্যাল দেয়া হয়। অটোরিক্সাটি দাঁড়ালে তার ভেতরে হাত পা বাঁধা অবস্থায় তিন জনকে পাওয়া যায়। তাদেরকে অটোরিক্সা থেকে নিচে নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের নাম বলে শামীম, মামুন ও মিজান এবং তাদেরকে অপহরণ করা হয়েছে বলে জানায় তারা। সাথে সাথে অটোরিক্সায় থাকা শাহাবুদ্দিন ও রুবেল নামে দুই অপহরকারীকে আটক করা হয়। তবে এসময় সিএনজি থেকে অপর এক অপহরনকারী দ্রুত পালিয়ে যায়। গুলশান থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার দুইজন আসামীকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েল আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, অপহূত তিনজনই জানিয়েছে তাদেরকে কালাচাদপুর এলাকা থেকে র্যাব-পুলিশ পরিচয়ে তাদের আটক করে। এরপর তাদেরকে হাত পা বেঁধে সিএনজিতে বসিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা।
ওসি রফিকুল ইসলাম আরো বলেন, দুর্বৃত্তরা বরাবরের মত একই পদ্ধতিতে র্যাব পুলিশ পচিরয়ে এই তিনজনকে অপহরণ করেছিল। একারণে সাধারন মানুষের উচিত্ র্যাব পুলিশ পরিচয়ে এ ধরনের কোন ঘটনা ঘটলে দ্রুত নিকটবর্তী থানায় ঘটনাটি জানিয়ে দেয়া।