অবৈধ আরও ১৬ জন বিদেশীকে আটকের পর নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
মঙ্গলবার পুলিশের বিশেষ শাখা (এসবি) রাজধানীর উত্তরা ও বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ১৬ বিদেশিকে আটক করে।
পুলিশের বিশেষ শাখা জানায়, অবৈধ বিদেশিদের তালিকা অনুযায়ী অভিযান পরিচালিত হয়। অভিযানে তাইওয়ানের ৮ জন, চীনের ৩ জন, ক্যামেরুনের ১ জন ও তুরস্কের ৪ জনকে আটক করা হয়। তারা অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত ছিলেন। পরে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। চলতি মাসে অবৈধভাবে বসবাসকারী আরও ২৫ বিদেশিকে আটকের পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এরআগে মঙ্গলবার ভোরে র্যাব-৩ রাজধানীর রমনা মডেল থানাধীন নয়াটোলা ২৬৬/১/এ নম্বর আরিফ টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তিন অবৈধ বিদেশী নাগরিককে গ্রেফতার করে।
এরআগে গত ১৪ নভেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, গুলশান ও রামপুরা এলাকার ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে ৩১ জন অবৈধ বিদেশিকে আটক করে ডিবি। পরে বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হওয়ায় ৬ জনকে ছেড়ে দেয়া হয়। বিভিন্ন ধরণের অপরাধে জড়িত থাকার দায়ে গ্রেফতার হয়ে দেশের ৬৮টি কারাগারে ৫ শতাধিক বিদেশী বন্দি রয়েছেন।