‘রাজাকারের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে’

 
 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধীতাকারীদের চিহ্নিত করতে রাজাকারের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। 
তিনি বুধবার সংসদে সরকারি দলের একেএম শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যেমন প্রয়োজন তেমনি সরাসরি মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী রাজাকার, আল-বদর, আল-শামসদের তালিকা থাকা প্রয়োজন। তাই সরকার রাজাকারের তালিকা তৈরীর উদ্যোগ নিয়েছে। 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্যরা তৎকালীন সরকারের কাছ থেকে মাস্টার রুলে বেতন পেয়েছে। তাই তাদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রক্ষিত ছিল। কিন্তু বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে ওইসব তালিকা নষ্ট করে ফেলা হয়েছে অথবা সরিয়ে ফেলা হয়েছে। তাই উপজেলা ও জেলা পর্যায় থেকে ওইসব রাজাকারের তালিকা সংগ্রহ করা হবে। ইতোমধ্যে কিছু তালিকা পাওয়া গেছে বলে তিনি জানান।
সরকারি দলের বেগম ওয়াসিকা আয়শা খানের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভুমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শিরোনামে ২২৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এই প্রকল্পে ২ হাজার ৯৭১ জন বা পরিবারের জন্য বাসস্থান নির্মাণের সংস্থান রয়েছে, যা ২০১২ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে। ইতোমধ্যে ২৪১টি বাসস্থান নির্মাণ কাজ শেষ হয়েছে। ৬৭৮টি বাসস্থান নির্মাণের কাজ চলমান রয়েছে এবং ২৩৩টির দরপত্র আহবান করা হয়েছে। 
সরকারি দলের আবদুর রউফ’র এক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, অবৈধভাবে জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি করে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটায় চাকুরি গ্রহণ ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের একক তালিকা প্রকাশের জন্য ডাটাবেইজ প্রকাশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং দ্রুতগতিতে এর কার্যক্রম চলছে। এই ডাটাবেইজের কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে একটি নির্ভুল মুক্তিযোদ্ধার তালিকা জাতিকে উপহার দেয়া হবে। ডাটাবেইজ কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য ৯টি নিরাপত্তা বারকোডসহ মূল সনদপত্র প্রদান করা হবে।