সেলফিতেই বিপাকে পাইলট!

মাত্র অল্প কয়েকদিনেই জনপ্রিয়তা পেয়েছে সেলফি। ফলে সবাই এখন নিজের ইচ্ছামতো নিজের ছবি নিজেই তুলছেন। কেউ প্রয়োজনে, কেউ আবার শখের বশে তুলছেন। এরকম শখের বশে সেলফি তুলে বিপাকে পড়েছেন ভারতের এক পাইলট।

ভারতের জেট এয়ারওয়েজের পাইলট শাহিল অরোরা সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। এর মধ্যে একটি ছবি ছিল বিমানের ককপিটে বসে তোলা। ওই ছবিটি নিজেই তুলে ফেসবুকে পোস্ট করেন পাইলট। আর এনিয়ে বির্তক দেখা দেয়। জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ তাকে তলব করে। ককপিটে বসে সেলফি তোলার কারণ জানতে চাওয়া হয়। গতকাল ছিল তার হাজিরার দিন; কিন্তু এর মধ্যেই জেট এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, শাহিল ওই ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছে এবং সেলফিটি আকাশে ওড়ার সময় নয়, মাটিতে অবস্থান করার সময়ই তোলা হয়েছিল। ফলে তিনি নিরাপত্তা আইন ভঙ্গ করেননি। অভ্যন্তরীণ তদন্তে এ তথ্য জানা গেছে। তিনি যদি আকাশে ওড়া অবস্থায় সেলফি তুলতেন তাহলে তাকে তার কর্ম থেকে সাময়িক বহিষ্কার করা হতো। - এনডিটিভি