মনের ক্ষুধা মেটাতে আরো বেশি সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের কেবল পেট পূরলেই হবে না। মনের চাহিদা মেটানোর উপরও গুরুত্ব দিতে হবে। এজন্য বেশি বেশি সংস্কৃতি চর্চা করতে হবে।’
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তবে অপসংস্কৃতি যেন আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর চেপে না বসে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটাই চিরায়ত যে, সংস্কৃতি ও সাহিত্য চর্চা বিনোদনেরও খোরাক জোগায়। কিন্তু এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যে, অপ সংস্কৃতি যেন আমাদের গ্রাস না করে।’
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর স্বগত বক্তৃতা দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের সচিব ড. রনজিত কুমার বিশ্বাস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর রহমতে বর্তমানে দেশে কোনো খাদ্য সংকট নেই। এখন আমরা জনগণের মনের বিনোদনের জন্য অর্থাৎ আরো বেশি সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেছি।’
তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের পরিচয় ও স্বকীয়তা তুলে ধরা এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য বর্তমানে সরকার জাতির আত্মপরিচয় সম্মুন্নত রাখতে ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্ব দিয়েছে।’