মজিলার ওয়েব ব্রাউজার ফায়ারফক্সে গুগলকে সরিয়ে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে জায়গা করে নিতে যাচ্ছে ইয়াহু। যুক্তরাষ্ট্রের বাজার থেকে এই পরিবর্তনের সূচনা হবে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসছে ডিসেম্বর মাস থেকেই এই চুক্তির বাস্তবায়ন শুরু হবে।
ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এই চুক্তির মাধ্যমে ইয়াহুর বাজার অনেকটাই চাঙ্গা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর পর্যন্ত ফায়ারফক্স ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহু ব্যবহৃত হবে বলে জানান তিনি। তবে এই চুক্তিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
আন্তর্জাতিকভাবেই এতদিন ফায়ারফক্সে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ছিল গুগল। সম্প্রতি গুগলের সাথে ফায়ারফক্সের এই বিষয়ক তিন বছরের চুক্তি শেষ হয়েছে। সেই সুযোগেই যুক্তরাষ্ট্রের বাজারে ফায়ারফক্সের সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হলো ইয়াহু। অন্যান্য এলাকার জন্যও ফায়ারফক্স কিছু কিছু স্থানীয় সার্চ ইঞ্জিনকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বেছে নিয়েছে। যেমন—চীনে ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হবে বাইদু এবং রাশিয়ায় ইয়ানডেক্স এনভি।