রাজধানীর কল্যাণপুরের জনতা হাউজিং এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা।
ব্যবসায়ীটি মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। তার চাচাত ভাই, শরীফ আশরাফুল আলমের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের বাসার সামনে শরীফ নাসির উদ্দিন (৩৫) নামে ওই ব্যবসায়ীর দুই পায়ে গুলি করে ছিনতাইকারীরা টাকার ব্যাগটি নিয়ে যায়।
মিরপুর থানার ওসি সালাইদ্দিন বলেন, মিরপুর ১০ নম্বরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে মটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নাসির। বাসার সামনে মটরসাইকেল থেকে নামার সময় কয়েকজন তার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তিনি বাধা দিলে সন্ত্রাসীরা তার দুই পায়ে গুলি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে দুটি মটরসাইকেলে করে পালিয়ে যায়।
ওই ব্যাগে ১০ লাখের মতো টাকা ছিল বলে ওসি জানালেও ব্যবসায়ীর চাচাত ভাই বলেন, নাসিরের কাছে ৩৫ লাখ টাকা ছিল।
নাসিরকে শ্যামলীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি সালাউদ্দিন জানিয়েছেন, দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।