যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া আগের তুলনায় সহজ করা হয়েছে। নতুন এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে গত ১৪ সেপ্টেম্বর। নতুন ব্যবস্থায় সাক্ষাত্কারের সময় নির্ধারণ, ভিসা ফি প্রদান এবং ভিসা সংগ্রহের কাজ সহজ করা হয়েছে। ভিসা প্রত্যাশীরা এখন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিজেদের পছন্দমত সাক্ষাত্কারের সময় বেছে নিতে পারবেন। ভিসা আবেদনকারীরা ২৪ ঘন্টা কলসেন্টারে ফোন করেও সাক্ষাত্কারের সময় ঠিক করতে পারবেন। এছাড়া ই-মেইলে যোগাযোগ করা যাবে।
গতকাল বৃহস্পতিবার নগরীর জামাল খান এলাকায় আমেরিকান কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসাল ক্যামেরন মিলার্ড। সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য  রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি। এ সময় দূতাবাসের প্রেস চিফ মেরিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন ব্যবস্থায় তারা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত সাইমন সেন্টারের তিনটি শাখায় পাসপোর্ট জমা ও ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য ভিসা ফি প্রদানের কাজটিও সহজ করা হয়েছে। আগে ভিসা আবেদন ফি প্রদান করে রশিদ সংগ্রহের জন্য ঢাকায় যেতে হতো। আর এখন ভিসা আবেদনকারীরা ঢাকা (দুইটি শাখা), চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে এইচএসবিসি ব্যাংকের নির্ধারিত ছয়টি শাখার যে কোনোটিতে ভিসা ফি জমা দিতে পারবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের ভিসা  সংক্রান্ত তথ্যের জন্য ই-মেইল    ঠিকানা : support-bangladesh@ustraveldocs.com.
স্কাইপ-এ চ্যাট করার ঠিকানা : ustravelsdocs-bangladesh
কলসেন্টারের নাম্বার : +৮৮ ০৯৬১০২০২০৪০। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা একটি যুক্তরাষ্ট্রভিত্তিক নম্বরে কলসেন্টারে কল করতে পারবেন : +১ ৭০৩ ৯৮৮ ৩৪৬৬।
অনলাইনে আবেদন করার ওয়েবসাইট ঠিকানা : http://www.ustraveldocs.com/bd