যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছে ৪৭ লাখ অভিবাসী

যুক্তরাষ্ট্রে ৪৭ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকালে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে যুক্তরষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন। খবর: রয়টার্স।
ওবামা বলেন, ছায়া থেকে বেরিয়ে আসুন, বৈধভাবে বসবাসের সুযোগ নিন।
তার সিদ্ধান্ত অনুযায়ী যে ৪৭ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি পাবেন, তাদের মধ্যে ৪৪ লাখ বাবা-মাও থাকবেন, যাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক বা বসবাসকারী।  
এদিকে রিপাবলিকানরা বলছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে এই ঘোষণা দেওয়ার এখতিয়ার  প্রেসিডেন্টের নেই। তার এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো তিক্ত করবে।
বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ বিদেশি নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।