বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির এক জোটীয় নির্বাচনের ফলে দেশে নজিরবিহীন অরাজকতার সৃষ্টি হয়েছে। সরকার দলীয় ছাত্রনেতাদের গ্রুপ-উপগ্রুপের কোন্দলে সাধারণ ছাত্ররা নিহত, আহত হচ্ছেন। অন্য দিকে, অরাজকতা চলছে সরকার পরিচালকদের মধ্যেও।’ শুক্রবার বিকল্প যুবধারার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সরকার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেয়নি। ছাত্র লীগের পক্ষে এইচ টি ইমামের বেফাঁস বক্তব্যের পরও তাকে উপদেষ্টা পদ থেকে নির্বাসন দেয়া হয়নি। সরকারের এক মন্ত্রী শিক্ষকদের গরু বলে গালি দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।’
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘সরকারি কর্মকর্তারা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ থেকে শুরু করে ঘুষ, দুর্নীতিতে ব্যাপকভাবে জড়িয়ে যাচ্ছেন। সোনা চোরাচালানের সঙ্গে বিমানের পদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডে তদন্ত শম্বুক গতিতে অগ্রসর হচ্ছে কি হচ্ছে না, তাও বোঝা যাচ্ছে না। এরপর দেশ কোথায় যাচ্ছে, তা বুঝতে কষ্ট হয় না।’
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বলেন, ‘বর্তমান অরাজক পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণের মাধ্যমে সর্বজনগ্রাহ্য একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করা।’
যুবধারার সভাপতি ওবায়দুর রহমান মৃধার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু, সংগঠনের নেতা জাহাঙ্গীর আলম নিশি, সাইফুল ইসলাম শোভন, আলমগীর কবির মিলু, মোস্তফা সারোয়ার প্রমুখ।