শাবিপ্রবির ঘটনায় ছাত্রলীগ দায়ী নয়

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, গত বৃহস্পতিবার ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ও বহিরাগতরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসকে অস্থিতিশীল করেছে। যা ছাত্রলীগের আদর্শিক রাজনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। কিন্তু গণমাধ্যম এ ঘটনায় ছাত্রলীগকে জড়ানোর চেষ্টা করছে। তাই আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এ ঘটনায় ছাত্রলীগ দায়ী নয়, দায়ী শাবিপ্রবি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা প্রমুখ।
সোহাগ বলেন, শাবিপ্রবির ঘটনার অন্যতম হোতা উত্তম কুমার দাশ। যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছিলেন। গত ৯ মে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। শাবিপ্রবিতে তার নেতৃত্বেই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শাবিপ্রবির ঘটনায় ছাত্রলীগের যারা জড়িত বলে নাম এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহাগ বলেন, যারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের প্রতি ছাত্রলীগের জিরো টলারেন্স, কোন ছাড় নেই।