তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া যদি আরেকবার ক্ষমতায় যায় তাহলে দেশকে জঙ্গিবাদীদের ও তারেক রহমানের দুই নং হাওয়া ভবনের কাছে লিজ দিয়ে দিবেন। তবে আমরা এই দেশকে খালেদা ও তারেকের দুষ্কর্ম-ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করব।
শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে চার দিনের ভায়া ক্যাম্পের উদ্বোধনের আগে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, দেশে-বিদেশে কোথায় টাকা পাচার ও লুকিয়ে রেখেছেন? জনগণের কষ্টার্জিত সেই টাকা ফেরত দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চান, তারপর সরকারের সমালোচনা করুন-আন্দোলনের হুমকি দিন।
তিনি আরো বলেন, অতীতে বিএনপি দুর্নীতি ও জঙ্গিবাদকে রাষ্ট্রীয়ভাবে মদদ ও পৃষ্ঠপোষকতা দিয়ে জনগণের টাকা লুট করেছে। ওই আমলে দেশে সংগঠিত দুর্নীতি হয়েছে। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দুর্নীতি বিরোধী অভিযান জোরালেভাবে পরিচালিত হচ্ছে। সরকারের মন্ত্রী, এমপি কিংবা আমলাদের কেউই দুর্নীতি করে পার পাচ্ছে না, পারেনও না। খালেদা জিয়া ও শেখ হাসিনার সরকারের মধ্যে এটাই মৌলিক পার্থক্য।
মন্ত্রী বলেন, দেশে আজ ব্যাপক উন্নয়ন হচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। সার-বীজ-কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করে দেশের কৃষি খাতকে শক্তিশালী অবস্থানে দাঁড় করানো হয়েছে। যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতেও এই সরকারের সাফল্য ঈর্ষণীয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইফতেয়ার মাহমুদ, কুষ্টিয়া সিভিল সার্জন, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আশরাফুন্নেসা, অধ্যাপক এস এম মুসতানজিদ, অধ্যাপক ফাতেমা আশরাফ, উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, টিএসআই ডা. রজ্ঞন কুমার দত্ত প্রমুখ।