বাংলার মাটিকে রাজকার মুক্ত করা হবে: সাজেদা চৌধুরী

 
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বাংলাদেশকে রাজকার মুক্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কিছু অপরাধীর বিচার হয়েছে, একজনের রায় কার্যকর হয়েছে। এই বিচার ঠেকাতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোন লাভ নেই। যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলার মাটিকে রাজকার মুক্ত করা হবে। 
শনিবার সুপ্রিম কোর্টের শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা’র নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
বিচারের দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে আইনজীবীদের প্রতি তিনি আহবান জানান। 
তিনি বলেন, ‘আজ ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র চলছে। ইতিহাসকে যারা বিকৃতির চেষ্টা করবেন, তারাই বিকৃত হয়ে যাবেন।’
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।